ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে সরকারি প্রকল্প বা সিম কার্ড সংগ্রহ— সবক্ষেত্রেই বর্তমানে আধার কার্ডের প্রয়োজনীয়তা অপরিসীম। তবে তথ্যের এই ব্যাপক ব্যবহারের ফলে আধার কার্ডের অপব্যবহারের ঝুঁকিও থাকে। এই সমস্যা সমাধানে UIDAI আধার কার্ডধারীদের জন্য 'আধার অথিন্টিকেশন হিস্ট্রি' দেখার বিশেষ সুবিধা প্রদান করেছে, যার মাধ্যমে গত ৬ মাসের ভেরিফিকেশন ডেটা ঘরে বসেই যাচাই করা সম্ভব।
এই পরিষেবাটি ব্যবহার করতে প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ১২ অঙ্কের আধার নম্বর অথবা ১৬ অঙ্কের ভার্চুয়াল আইডি দিয়ে লগ ইন করতে হবে। এরপর স্ক্রিনে আসা ক্যাপচা পূরণ করে রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP-র মাধ্যমে প্রবেশ করতে হবে। লগ ইন করার পর 'আধার অথিন্টিকেশন হিস্ট্রি' অপশনে ক্লিক করলে সর্বোচ্চ ৫০টি রেকর্ড দেখা যাবে।
যদি এই তালিকায় কোনো সন্দেহজনক তথ্য চোখে পড়ে, তবে তারিখ ও সময় যাচাই করে UIDAI-এর অভিযোগ বিভাগে জানানো যেতে পারে। এছাড়া ১৯৪৭ টোল-ফ্রি নম্বরে কল করেও অভিযোগ দায়ের করা সম্ভব। পাশাপাশি, আধার আরও সুরক্ষিত রাখতে UIDAI বায়োমেট্রিক লক সুবিধার কথা জানিয়েছে। My Aadhaar পোর্টাল এবং mAadhaar অ্যাপের মাধ্যমে আঙুলের ছাপ ও আইরিস ভেরিফাই করে এই লক সক্রিয় করা যায়, যা কেবল ব্যবহারকারী নিজেই আনলক করতে পারবেন।







