শনিবার রাতে বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বেরোনোর সময় পুলিশি জালে ধরা পড়লেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা আব্দুল কেরিম খান। নানুর থানার পুলিশ তাঁকে প্রথমে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার একটি মামলায় গ্রেপ্তার করে। ধৃত নেতা নানুর থানার সাঁতরা গ্রামের বাসিন্দা এবং প্রাক্তন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে পরিচিত।
পুলিশের দাবি, আব্দুল কেরিম খানের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় মোট ৩২টি মামলা রয়েছে। বীরভূমের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সন্ত্রাস এবং ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগে তাঁর নাম জড়িয়েছিল। এছাড়া গরু ও বালি পাচারের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরেও ছিলেন তিনি। নানুরের বাসাপাড়া মিলনমেলা প্রাঙ্গণ এবং নিজস্ব গ্রাম সাঁতরায় জমি জবরদখলের অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছে।
তদন্তকারী আধিকারিকেরা রবিবার তাঁকে বোলপুর মহকুমা আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবেন বলে জানা গেছে। উল্লেখ্য, শান্তিনিকেতন থানার পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত রতন শেখও সাঁতরা গ্রামের বাসিন্দা। তবে এই ঘটনার সঙ্গে কেরিম খানের গ্রেপ্তারের কোনো যোগসূত্র আছে কি না, তা স্পষ্ট করেনি বীরভূম জেলা পুলিশ। এই ঘটনায় অনুব্রত মণ্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেরার মাধ্যমে বিভিন্ন মামলার যোগসূত্র খোঁজার চেষ্টা করছে পুলিশ।







