কলকাতা পুরসভার (KMC) স্বাস্থ্য বিভাগে জন্ম ও মৃত্যু শংসাপত্র পেতে সাধারণ মানুষের দীর্ঘ অপেক্ষার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী Agnimitra Paul। বৃহস্পতিবার 'নগরায়নে মুখোমুখি' অনুষ্ঠানে এক বাসিন্দার অভিযোগ শুনেই তিনি পুরসভা আধিকারিকদের কঠোরভাবে প্রশ্ন করেন। কেন সাধারণ মানুষ সময়মতো এই জরুরি নথি পাচ্ছেন না এবং কেন অভিযোগের পাহাড় জমছে, তা নিয়ে আধিকারিকদের জবাবদিহি করতে বাধ্য করেন মন্ত্রী।
অনুষ্ঠানে কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা ফোন করে জানান, গত মার্চ মাসে মেয়ের জন্ম শংসাপত্রে নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় সব নথি জমা দিলেও আট মাস ধরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি পুরসভার তরফে তাঁর সঙ্গে যোগাযোগও করা হয়নি। এই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন Agnimitra Paul। তিনি স্পষ্ট জানান, জন্ম-মৃত্যু শংসাপত্রের মতো জরুরি নথির জন্য সাধারণ মানুষকে এভাবে হয়রানি করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দ্রুত এই সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, বর্তমানে জন্ম ও মৃত্যুর শংসাপত্র মিলিয়ে প্রায় ৩০ হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। গত ১৩ মে থেকে রাজ্য সরকারের ‘জন্ম-মৃত্যু তথ্য’ পোর্টাল অচল হয়ে পড়ায় ডিজিটাল প্রতিলিপি পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। যদিও অগস্ট মাসে পোর্টালটি পুনরায় চালু হয়েছে, তবে পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এছাড়া WhatsApp চ্যাটবটের মাধ্যমে আবেদন জমা দেওয়া এবং স্লট পাওয়ার ক্ষেত্রেও সাধারণ মানুষ চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।







