বিহারের প্রাক্তন বিধায়ক অনন্ত সিং ওরফে 'ছোটে সরকার'-এর মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে উপলক্ষে পাটনার লাদমা গ্রামে তাঁদের পৈতৃক বাড়িতে উৎসবের মেজাজ তৈরি হয়েছে। আগামী ২৫ নভেম্বর কম্যান্ড্যান্ট রণবিজয় কুমারে পুত্র ঋষিকেশ কুমারে সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন শিবাঙ্গী। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এক এলাহি আয়োজনের চিত্র সামনে এসেছে, যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা চলছে।
বিয়ের আয়োজনে নিমন্ত্রিতদের মিষ্টিমুখ করাতে মেগা কিচেন তৈরি করা হয়েছে, যেখানে প্রায় ৫০ লক্ষ গোলাপ জামুন তৈরি করা হচ্ছে। এই মিষ্টি তৈরির জন্য ১০ হাজার কেজির ট্যাঙ্কারে দুধ আনা হয়েছে এবং রান্নার জন্য আলাদাভাবে ১২টি তাঁবু নির্মাণ করা হয়েছে। প্রায় ৫ লক্ষ অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া হাইওয়ের পাশে বিশেষ হেলিপ্যাড তৈরির পাশাপাশি অতিথিদের বিনোদনের জন্য ঘোড়দৌড়ের ব্যবস্থা রয়েছে, যার বিজয়ী উপহার হিসেবে পাবেন একটি Mahindra Thar গাড়ি।
প্রাক্তন JD(U) বিধায়ক অনন্ত সিং জানিয়েছেন, বিয়ের উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সমস্ত রাজনীতিকদের পাশাপাশি PM Modi-কেও নিমন্ত্রণপত্র পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেছেন।







