কলকাতার বন্দর এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ খতিয়ে দেখতে সক্রিয় ভূমিকা নিল অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন। বৃহস্পতিবার দুপুরে কমিশনের পাঁচ সদস্যের একটি দল মেটিয়াব্রুজ থানায় পৌঁছায়। থানায় বেআইনি নির্মাণ সংক্রান্ত জমা পড়া অভিযোগ ও নথিপত্র খতিয়ে দেখার পর পুলিশকে সঙ্গে নিয়ে তাঁরা পাহাড়পুর রোডের একটি বহুতলে সরেজমিনে তদন্তে যান।
কলকাতা পুরসভার ১৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই ‘জি প্লাস থ্রি’ বহুতলটির ওপরের দুটি তলা বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। ভবনটির বাসিন্দা সুমন সাহু জানান, ঘরগুলির উচ্চতা অস্বাভাবিক কম এবং সময়ের সঙ্গে সঙ্গে ভবনটি বসে যাচ্ছে। এর ফলে জল জমে জিনিসপত্র নষ্ট হওয়ার পাশাপাশি ঘরে সাপ-বিছে ঢুকে পড়ার মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, প্রতিশ্রুতি অনুযায়ী ক্রেতাদের ফ্ল্যাট না দেওয়ার অভিযোগও রয়েছে।
তদন্তের বিষয়ে কমিশনের এক সদস্য জানান, কলকাতা পুরসভা বিষয়টি খতিয়ে দেখার পর নথিপত্র পর্যালোচনা করেই তাঁরা মন্তব্য করতে পারবেন। তবে কমিশন সূত্রের খবর, এই সব বেআইনি নির্মাণের পেছনে বড় অঙ্কের দুর্নীতির যোগ রয়েছে। ভবনটির বিল্ডিং প্ল্যান নিয়ে সংশ্লিষ্ট প্রোমোটারকে ইতিমধ্যেই মেটিয়াব্রুজ থানায় তলব করা হয়েছে এবং প্রয়োজনে তাঁকে কমিশনেও হাজির হতে বলা হতে পারে।







