মাইক্রোসফটের পর এবার বিশ্বজুড়ে প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়ল Apple। রাত থেকেই সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যবহারে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। বিশেষ করে iCloud, App Store, Apple Music, Apple Pay এবং Apple Care-এর মতো পরিষেবাগুলি ব্যাহত হওয়ায় গ্রাহকদের একাংশ অ্যাকাউন্টে লগ ইন করা, অ্যাপ ডাউনলোড করা এবং ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ একটি সিস্টেম আপডেটের কারণে এই বিভ্রাট দেখা দেয়। তবে এটি কোনো ধরনের সাইবার হামলার ঘটনা নয় বলেও নিশ্চিত করেছে অ্যাপল। ত্রুটির সঠিক কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা না করলেও বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে আপনা থেকেই লগ আউট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। এর প্রভাব পড়ে স্টোরে পণ্য বিক্রি ও সার্ভিস সেন্টারের পরিষেবাতেও।
দিন কয়েক আগেই Microsoft 365 পরিষেবাতেও বড় বিপর্যয় ঘটেছিল, যার জেরে Outlook, Microsoft Teams, Copilot, Exchange Online এবং Share Point-এর কাজ থমকে যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই অ্যাপলের পরিষেবা ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে গ্রাহকরা বিপাকে পড়েন। উল্লেখ্য, এই সময়েই Google ও Google Search ব্যবহারকারীদের একাংশও লগ ইন করতে অসুবিধার কথা জানালেও গুগল কোনো বড় মাপের বিপর্যয়ের কথা স্বীকার করেনি।






