Apple India-র অনলাইন স্টোরে পুরনো স্মার্টফোন বদলে নতুন Apple ডিভাইস কেনার ট্রেড-ইন অফারে বড় পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটি একাধিক iPhone মডেলের সর্বোচ্চ এক্সচেঞ্জ মূল্য পরিবর্তন করেছে এবং Samsung-এর Galaxy Z Fold সিরিজের ফোনগুলোকেও ট্রেড-ইন তালিকায় যুক্ত করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল Samsung Galaxy Z Fold 7, যার বিনিময়ে সর্বোচ্চ ৬৩,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। শুধু Samsung নয়, Xiaomi, Redmi, Poco এবং OnePlus-এর পুরনো স্মার্টফোনও এই প্রোগ্রামের আওতায় রয়েছে।
Apple India-র ওয়েবসাইটে প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, পুরনো iPhone-এর বিনিময়ে কত টাকা পাওয়া যাবে, তা নির্ভর করবে ফোনের মডেল, স্টোরেজ এবং শারীরিক অবস্থার উপর। বর্তমানে ভালো বা ‘Good’ অবস্থায় থাকা ফোনের জন্য নির্দিষ্ট সর্বোচ্চ মূল্য দেওয়া হচ্ছে। Apple-এর তালিকায় সবচেয়ে পুরনো যে মডেলটি ট্রেড-ইনের জন্য গ্রহণ করা হচ্ছে, সেটি হল iPhone 8, যার বিনিময়ে সর্বোচ্চ ৮,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। তবে ফোন ক্ষতিগ্রস্ত বা খারাপ অবস্থায় থাকলে প্রাপ্য অর্থের পরিমাণ কমতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট 9to5Mac-এর প্রতিবেদন অনুযায়ী, শুধু ভারত নয়, বিশ্বের একাধিক বাজারে Apple তাদের ট্রেড-ইন তালিকা ও মূল্য সংশোধন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে iPhone 17 Pro Max-এর সর্বোচ্চ ট্রেড-ইন মূল্য ৮৮৫ ডলার থেকে কমিয়ে ৮৫৫ ডলার করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ৮১ হাজার টাকা। তবে Apple-এর এই সুবিধা সরাসরি নগদ ছাড় নয়; পুরনো ডিভাইসের মূল্য নতুন Apple ডিভাইস কেনার সময় ট্রেড-ইন সুবিধা হিসেবে ব্যবহার করা যাবে। তাই ফোন বদলানোর আগে Apple-এর ওয়েবসাইটে নিজের ডিভাইসের মডেল, স্টোরেজ এবং অবস্থার ভিত্তিতে চূড়ান্ত মূল্য যাচাই করে নেওয়া প্রয়োজন।






