শহরের একটি সেনা আবাসনে এক সেনা আধিকারিকের নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ানের বিরুদ্ধে। এই ঘটনায় রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে হেস্টিংস থানার পুলিশ। সোমবার তাকে আদালতে পেশ করা হলে আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ নভেম্বর আবাসনের ভেতরে একটি পার্কে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় অভিযুক্ত জওয়ান ওই নাবালিকার কাছে যান এবং অশালীন আচরণ করার চেষ্টা করেন। নাবালিকা বাধা দিলে তাকে জোরপূর্বক শ্লীলতাহানি করা হয়, যার ফলে তার ঠোঁটে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ। নাবালিকার চিৎকার শুনে পার্কে উপস্থিত অন্যান্য নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তার থেকে পুরো বিষয়টি জানতে পারেন। পরে ওই নাবালিকা তার মাকে ঘটনাটি জানায় এবং মায়ের অভিযোগের ভিত্তিতে হেস্টিংস থানায় মামলা দায়ের করা হয়।
তদন্তের স্বার্থে আবাসনের CCTV ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। এছাড়া ঘটনার সময় পার্কে কর্তব্যরত অন্যান্য নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নাবালিকাকে SSKM হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা পরীক্ষা করানো হয়েছে এবং ঘটনার সময় তার পরনের পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনও চলছে।







