ভারতীয় ফুটবলের প্রশাসনিক শীর্ষপদে লড়াই করার কথা ঘোষণা করলেন উত্তরপ্রদেশ ফুটবল সংঘের সভাপতি অরবিন্দ মেনন। শুক্রবার সরকারিভাবে এই ঘোষণা করেন তিনি। তৃণমূল স্তরে প্রতিভা অন্বেষণের পাশাপাশি দেশের ফুটবলে নতুন প্রাণসঞ্চারের প্রতিশ্রুতি দিয়ে AIFF সভাপতি পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মনোনয়ন জমা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে PTI-কে জানিয়েছেন মেনন।
নির্বাচনে নামার আগে বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি এবং ফেডারেশনের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। মেনন জানিয়েছেন, অভিজ্ঞ আধিকারিকদের আশীর্বাদ নিয়েই তিনি এই লড়াইয়ে নামছেন। তবে এই লড়াই সহজ হবে না, কারণ প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেলও এই পদের সম্ভাব্য দাবিদার হিসেবে গণ্য হচ্ছেন, যদিও তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
বারাণসীতে জন্ম নেওয়া অরবিন্দ মেনন ২০২৪ সালের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো উত্তরপ্রদেশ ফুটবল সংঘের সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি মধ্যপ্রদেশে বিজেপির সাধারণ সম্পাদক এবং ২০১৮ সালের অক্টোবরে পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র বিজেপির পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উত্তরপ্রদেশ ইউনিটের প্রতিনিধি হিসেবে AIFF-এর নির্বাচকমণ্ডলীর সদস্য তিনি।
সভাপতি নির্বাচিত হলে ফুটবল সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে এক ছাতার তলায় আনার কথা বলেছেন মেনন। তাঁর মতে, সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র এবং তৃণমূল স্তরে পরিকাঠামো ও প্রশিক্ষণের ওপর জোর দেওয়া প্রয়োজন। ফিফা ক্রমতালিকায় ভারতীয় দলের পতন তাঁকে চিন্তিত করেছে। ৯৯ নম্বর থেকে বর্তমানে ১৪১ নম্বরে নেমে যাওয়া দলের পারফরম্যান্স উন্নত করার পাশাপাশি কেরল, পশ্চিমবঙ্গ, গোয়া এবং উত্তর-পূর্ব ভারতের বাইরেও দেশের অন্যান্য প্রান্তে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য নিয়েছেন তিনি।





