উত্তরপ্রদেশের অযোধ্যা এবং নেপালের জনকপুর ধামের মধ্যে নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। আগামী ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী Narendra Modi ভার্চুয়ালি এই পরিষেবার উদ্বোধন করবেন। রেল বোর্ড সূত্রে খবর, নেপালের প্রধানমন্ত্রী Balendra Shah-এর ভারত সফরের সময় দুই দেশের রাষ্ট্রপ্রধান যৌথভাবে এই ট্রেনের যাত্রা সূচনা করবেন।
সপ্তাহে একদিন চলাচলকারী এই ট্রেনটি প্রায় ৬০৪ কিলোমিটার পথ অতিক্রম করে দুই দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলিকে যুক্ত করবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অযোধ্যা ভগবান রামের জন্মভূমি এবং জনকপুর ধাম দেবী সীতার জন্মস্থান। ফলে রামায়ণের সঙ্গে সম্পর্কিত এই দুই তীর্থস্থানের সংযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি নেপালের জনকপুর ধাম থেকে উত্তরপ্রদেশের Ayodhya Cant পর্যন্ত চলবে। যাত্রাপথে এটি জয়গনগর, মধুবনী, শিশো, সীতামঢ়ী, রক্সৌল, নরকটিয়াগঞ্জ, গোরক্ষপুর, বস্তি এবং মনকাপুর সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে থামবে। এই নতুন রেল পরিষেবার ফলে পর্যটক, স্থানীয় ব্যবসায়ী, হোটেল মালিক এবং হস্তশিল্পীদের বিশেষ উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এর আগে বিহারের জয়নগর থেকে নেপালের কুর্তা হয়ে বিজলপুরা পর্যন্ত DEMU ট্রেন চলাচল করত। এছাড়া জুলাই মাস থেকে কলকাতা বন্দর থেকে ভারতের জোগবনি হয়ে নেপালের বিরাটনগর পর্যন্ত ব্রডগেজ রেলপথে পণ্য পরিবহনের জন্য সরাসরি কন্টেইনারবাহী মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।







