আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় চিকিৎসার প্যাকেজ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে National Health Authority। নতুন প্রস্তাব অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে মোট ১১২টি চিকিৎসার প্যাকেজ শুধুমাত্র সরকারি হাসপাতালেই উপলব্ধ হবে। এর ফলে বেসরকারি হাসপাতালগুলিতে এই নির্দিষ্ট চিকিৎসার সুবিধা আর পাওয়া যাবে না। এই বিষয়ে State Health Authority-কেও লিখিতভাবে জানানো হয়েছে।
এর আগে মাত্র ২৩টি চিকিৎসা প্যাকেজ শুধুমাত্র সরকারি হাসপাতালে সীমাবদ্ধ ছিল, যার সঙ্গে নতুন করে আরও ৮৯টি প্যাকেজ যুক্ত করা হচ্ছে। এই তালিকায় জেনারেল মেডিসিন, সার্জারি, অর্থোপেডিকস, স্ত্রীরোগ এবং নাক-কান-গলার একাধিক রোগের চিকিৎসা অন্তর্ভুক্ত রয়েছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির সংগঠন প্যাকেজ সংস্কারের দাবিতে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে বিরোধীদের দাবি, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের চিকিৎসার বিকল্প কমে যাবে এবং তারা বিপাকে পড়বেন। কেন্দ্রের এই পদক্ষেপকে দায় এড়ানোর চেষ্টা বলে অভিহিত করেছেন তারা।







