একটানা বিতর্কের মুখে পড়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী, যিনি বাগেশ্বর বাবা হিসেবে পরিচিত। তিনি জানিয়েছেন, হিন্দুদের মধ্যে বিভাজন রুখতে এবং ঐক্য বজায় রাখতে তিনি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এমনকি প্রয়োজনে গুলি খেতেও রাজি বলে দাবি করেছেন তিনি।
ধীরেন্দ্র শাস্ত্রীর অভিযোগ, তাঁর বক্তব্যের অংশবিশেষ কেটে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, শ্রীকৃষ্ণকে নিয়ে খারাপ মন্তব্য করার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেন না এবং তাঁর চোখে রাম ও শ্যামের মধ্যে কোনো পার্থক্য নেই। সনাতনীদের নামে কলঙ্ক লেপন করা একাংশ মানুষের সমালোচনা করে তিনি জানান, হিন্দুরা যেন নিজেদের মধ্যে লড়াই না করে একত্রিত থাকে।
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশের একটি ধর্মীয় অনুষ্ঠানে ভগবান রাম এবং ভগবান কৃষ্ণকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। পরবর্তীতে তিনি ক্ষমা চেয়ে জানান যে, কোনো দেবতাকে অপমান করার উদ্দেশ্য তাঁর ছিল না। হিন্দুদের ঐক্য বজায় রাখতে প্রয়োজনে শতবার ক্ষমা চাইতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।







