মঙ্গলবার সকালে বালিগঞ্জে দুই অটো চালক সংগঠনের মধ্যে তীব্র সংঘাতের জেরে এলাকার অটো পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। বালিগঞ্জ-কসবা, বালিগঞ্জ-হাজরা, বালিগঞ্জ-রাসবিহারী এবং বালিগঞ্জ-আলিপুর জজ কোর্ট রুটে অটো চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা। অভিযোগ উঠেছে, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে একে অপরকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় অটো চালকদের দাবি, এই রুটে প্রায় ৭৩টি অটো চলে। গত কয়েক মাস ধরে এখানে বহিরাগত অটো চালকদের দাপট বাড়ছে, যার ফলে তাঁদের রুটিরুজিতে টান পড়ছে। অন্যদিকে, ওই 'বহিরাগত' চালকদের দাবি, তাঁদের বৈধ পারমিট রয়েছে এবং সেই কারণেই তাঁরা এই রুটে গাড়ি চালাচ্ছেন। এই বিরোধের জেরে মঙ্গলবার সকাল থেকেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
যাত্রীদের অভিযোগ, হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে এবং বিকল্প পরিবহণের খোঁজ করতে হচ্ছে। অটো চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ পরিষেবা স্বাভাবিক হবে না। ফলে পরিষেবা পুনরায় কবে শুরু হবে, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।







