বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো তিনতলা ভবনে পিএইচই-র জলের দুটি মেশিন বিকল হয়ে পড়ায় চরম জলকষ্টের মুখে পড়েছেন রোগী ও স্বাস্থ্যকর্মীরা। সোমবার সকাল ১১টা নাগাদ মেশিনের কয়েল পুড়ে যাওয়ায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ড, ডায়ালিসিস এবং CCU-র মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে প্রভাব পড়েছে, যেখানে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি থাকেন।
জলের অভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মেডিসিন ওয়ার্ডের রোগীরা। শৌচালয়ে জল না থাকায় সেখানে নোংরা জমে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা নিয়ে অতিষ্ঠ রোগী ও তাঁদের পরিজনরা। পাশাপাশি, স্বাস্থ্যকর্মীরাও সমস্যায় পড়েছেন; চিকিৎসার পর হাত ধোয়ার মতো ন্যূনতম জল না মেলায় স্বাস্থ্যবিধি বজায় রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই সমস্যা পুরনো ভবনের পাশাপাশি নার্সিং ট্রেনিং স্কুল, ডাক্তার কোয়ার্টার এবং মানসিক বিভাগেও দেখা দিয়েছে।
পরিস্থিতি সামাল দিতে পুরসভার পক্ষ থেকে দু’দিনে মোট ৯টি জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে এবং প্রয়োজনে আরও ট্যাঙ্ক দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় মেকানিক দিয়ে কাজ না হওয়ায় মালদা থেকে বিশেষজ্ঞদের ডেকে আনা হয়। মঙ্গলবার রাতে দুটি মেশিনের মধ্যে একটি সারানো সম্ভব হলেও অন্যটি এখনও বিকল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাতের মধ্যেই বাকি মেশিনটি চালু হয়ে যাবে এবং ট্রায়াল দেওয়ার পর পুনরায় জল সরবরাহ শুরু হবে।







