অশান্ত বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পেছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করল বর্তমান শাসকদল বিএনপি। দলের অভিযোগ, শেখ হাসিনার প্রত্যাবর্তন বার্তাকে কেন্দ্র করেই দেশে অস্থিরতা তৈরি হয়েছে এবং আন্দোলন চাঙ্গা করতে তিনি 'লাশ' চান। অন্যদিকে, নড়াইল জেলায় হিন্দু অধ্যুষিত এলাকায় ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে বাড়িঘর ভাঙচুরের ঘটনা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ছড়িয়ে ভুল তথ্য ও অপপ্রচার চালাচ্ছে।
দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। সিলেটের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের বাসভবনের মূল ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করেছে। যদিও এই ঘটনায় এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মামলা রুজু করা হয়নি।
একই সঙ্গে দেশে পোশাক শ্রমিকদের অসন্তোষও অব্যাহত রয়েছে। ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে শনিবার গাজিপুরে বিক্ষোভ দেখান পোশাক শ্রমিকরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং গাজিপুর বাইপাস অবরুদ্ধ করায় বেশ কিছু এলাকায় কারখানা বন্ধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। গাজিপুরে প্রায় ৮০ শতাংশ শ্রমিক কাজে ফিরলেও সাভার ও আশুলিয়া এলাকার শিল্পাঞ্চলে অসন্তোষ জারি রয়েছে।
এদিকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্তব্য করা এড়িয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তাঁর সরকার প্রতিশ্রুতবদ্ধ। বক্তব্যের মাঝে তিনি মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক খেতাবপ্রাপ্তদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন।







