রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের অন্যতম প্রধান অনলাইন মাধ্যম ‘বাংলার শিক্ষা’ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে রঙের পরিবর্তন আনা হয়েছে। পোর্টালটির নতুন ইন্টারফেসে দেখা যাচ্ছে যে, মূল ব্যানার, ‘সাইন ইন’ বোতাম এবং পেজের বর্ডারে আগে ব্যবহৃত নীল রঙের বদলে এখন গেরুয়া বা কমলা রং ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির শিক্ষক, প্রধান শিক্ষক এবং প্রশাসনিক আধিকারিকরা এই পোর্টালের মাধ্যমেই পড়ুয়াদের নম্বর নথিভুক্ত করা সহ দৈনন্দিন যাবতীয় প্রশাসনিক কাজ পরিচালনা করেন। এর আগে নবান্নের ধাঁচে সল্টলেকে অবস্থিত শিক্ষা দপ্তরের সদর দপ্তর বিকাশ ভবনের নামফলকের রং নীল-সাদা থেকে বদলে গেরুয়া করা হয়েছিল।
প্রশাসনিক পালাবদলের পর বিভিন্ন সরকারি ভবনের নামফলক এবং স্কুল সামগ্রীর রঙের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সরকারি স্কুলের খাতা এবং স্কুলপোশাকের ক্ষেত্রেও দীর্ঘদিনের নীল-সাদা রঙের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বর্তমান প্রশাসন। নবান্ন, বিকাশ ভবন এবং একাধিক সরকারি হাসপাতালের পর এবার ডিজিটাল পোর্টালেও এই রঙের পরিবর্তন ঘিরে শিক্ষামহল ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।







