বরানগরে তরুণী অঞ্জলি সাউয়ের খুন মামলায় দিল্লি থেকে ধৃত ধরমবীর কুমারকে জেরা করে পুলিশ একাধিক নতুন তথ্য উঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতের সঙ্গে মৃতার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং তাঁরা একসঙ্গে গ্রুপ করে 'PUBG' গেম খেলতেন। সম্পর্কের ছন্দপতনের জেরেই কি এই হত্যাকাণ্ড ঘটেছে, তা নিয়ে তদন্ত চলছে।
মঙ্গলবার রাতে বরানগরের একটি বন্ধ ফ্ল্যাট থেকে অঞ্জলির দেহ উদ্ধার করা হয়। মৃতার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার পরিবারের কাছে একাধিক রহস্যজনক কল ও মেসেজ আসে। মৃতার ভাই জানান, ফোনে ধরমবীর তাকে হুমকি দিয়ে বলে, 'তোমার আশপাশেই থাকব কিন্তু তুমি খুঁজে পাবে না'। এরপরই ফোনটি বন্ধ করে দেয়। বৃহস্পতিবার দিল্লির আনন্দ বিহার স্টেশনের কাছ থেকে ধরমবীরকে গ্রেপ্তার করা হয়। জেরায় ধৃত স্বীকার করেছে যে, মৃতার নম্বর থেকেই সে কল ও মেসেজ পাঠিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার কালীপুজোর সন্ধেয় ধরমবীর দক্ষিণেশ্বরের ময়ূর গেস্ট হাউসে উঠেছিলেন। মঙ্গলবার তিনি অঞ্জলিকে বরানগরের জামাইবাবুর ফ্ল্যাটে ডেকেছিলেন। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, দুপুর ১টা নাগাদ অঞ্জলি বিল্ডিংয়ে ঢোকেন এবং পরে ধরমবীরও একই বিল্ডিংয়ে প্রবেশ করেন। বিকেল ৪টা নাগাদ ধরমবীর বেরিয়ে গেলেও, অঞ্জলিকে আর বেরোতে দেখা যায়নি। এরপরই বন্ধ ঘর থেকে তার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। ধরমবীর রাতে হাওড়া স্টেশন থেকে বিভূতি এক্সপ্রেসে উঠে মোগলসরাই পৌঁছানোর পর অঞ্জলির ফোনটি বন্ধ করে দেন।







