বারাসত-২ ব্লকের কলুপাড়ায় ডিওয়াইএফআই (DYFI) বারাসত দক্ষিণ-২ লোকাল কমিটির উদ্যোগে একটি বুক স্টল খোলা হয়েছিল। অভিযোগ, রবিবার সন্ধ্যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই স্টলে হামলা চালায় এবং ভাঙচুর করে। তবে পুলিশকে জানানোর পর পুনরায় বই বিক্রয় কেন্দ্রটি চালু করা হয়। উল্লেখ্য, শনিবার এই মার্কসীয় বই বিক্রয় কেন্দ্রটি শুরু হয়েছিল।
অন্যদিকে, বারাসত-৩ লোকাল কমিটির উদ্যোগে কলোনি মোড়ে এসএফআই (SFI), ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সহযোগিতায় প্রগতিশীল ও চিরায়ত সাহিত্যের স্টল উদ্বোধন করেন ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগনা জেলার প্রাক্তন সম্পাদক দিলীপ সাহা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএফআই-এর মারুফ রহমান। এছাড়া শারদ উৎসবের সময় বুক স্টলে আক্রান্ত হয়ে গুরুতর আহত তুহিন রায়কে সংবর্ধনা দেওয়া হয়।
একই সঙ্গে জলপাইগুড়ির ডিবিসি রোড জেলা কার্যালয়ের সামনে এসএফআই সদর-১ আঞ্চলিক কমিটির উদ্যোগে ‘ইনকিলাবি বুক স্টল’ খোলা হয়। এর উদ্বোধন করেন এসএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি সাব্বির হোসেন, মৌমিতা আলম এবং দেবরাজ বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া প্রাক্তন ছাত্রনেতা পীযূষ মিশ্র, সলিল আচার্য ও জিয়াউল আলম সহ গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন নেতা এই কর্মসূচিতে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শিক্ষাক্ষেত্রে গণতন্ত্র রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এসএফআই-এর সাংস্কৃতিক শাখার পক্ষ থেকে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।







