আর্থিক সংকটের মুখে পড়ে ভেঙে দেওয়া হচ্ছে বারুইপুর পুরসভার তৃণমূল বোর্ড। পুরপ্রধান সহ ১৪ জন কাউন্সিলরের উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরপ্রধান জানিয়েছেন, খুব শীঘ্রই এসডিও-র কাছে ইস্তফাপত্র পাঠানো হবে। উল্লেখ্য, বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ডের সবকটিই বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে।
পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের পর থেকে বারুইপুরের বাসিন্দাদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে সেই পরিষেবা প্রদান করতে গিয়ে তাঁরা প্রচণ্ড আর্থিক অসহযোগিতার সম্মুখীন হয়েছেন। আর্থিক দিক থেকে অত্যন্ত দুর্বল হয়ে পড়ায় পুরসভা পরিচালনা করা এখন তাঁদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে।







