আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার, ১৩ নভেম্বর সকালে এই নিম্নচাপ সৃষ্টি হয়েছে। ভারতের Insat-3D স্যাটেলাইটে প্রচুর মেঘের ছবি ধরা পড়েছে, যা আগামী কয়েক দিন বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। শনিবার, ১৪ নভেম্বরের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রবিবার, ১৫ নভেম্বর নাগাদ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপটি গভীর নিম্নচাপ, অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হতে পারে। তবে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনই নিশ্চিত নয়। আগামী ৪৮ ঘণ্টার পরিস্থিতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী সপ্তাহের শেষ দিকে এর সামান্য প্রভাব পড়তে পারে, তবে এখনও বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নিম্নচাপ পরিস্থিতির ফলে আন্দামান সাগরে শুক্রবার ও শনিবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার ছুঁতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও ১৩ থেকে ১৬ নভেম্বর একই রকম পরিস্থিতির আশঙ্কা রয়েছে। ১৫ থেকে ১৭ নভেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে হাওয়ার গতি ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে, যার মধ্যে দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ৬৫ কিলোমিটারে। মধ্য বঙ্গোপসাগরেও ১৬ ও ১৭ নভেম্বর ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।







