ভারতের পূর্ব উপকূলে একের পর এক আবহাওয়া বিপর্যয়ের পর বঙ্গোপসাগরে আবার একটি নতুন ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। অর্ণব, মুরাসু ও আকভান—পরপর তিনটি ঝড়ের অভিঘাত কাটতে না কাটতেই আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী পাঁচ দিনের মাথায় অর্থাৎ ৩০ নভেম্বরের পর দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন একটি সিস্টেম দানা বাঁধতে পারে।
আন্তর্জাতিক আবহবিদ Jason Nicholls সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম X -এ লিখেছেন, আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহের শেষের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এর আগে ভারতীয় আবহাওয়াবিজ্ঞান বিভাগ বা IMD -ও ইঙ্গিত দিয়েছিল যে, নভেম্বরের শেষ সপ্তাহে আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন সিস্টেম তৈরি হতে পারে। অনুকূল পরিবেশ পেলে সেটি ঘনীভূত হয়ে সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হতে পারে।
তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য শক্তি, গতিপথ কিংবা উপকূলে আছড়ে পড়ার নির্দিষ্ট স্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি। এটি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা নাকি পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসবে, তা নিয়ে আবহবিদদের মধ্যে পর্যবেক্ষণ চলছে। পরিস্থিতি মোকাবিলায় উপকূলবর্তী রাজ্যগুলির প্রশাসন সতর্কতা অবলম্বন করছে।







