রাজ্যের ৩৪০টি কলেজের পরিচালন সমিতি বা গভর্নিং বডিতে এবার মনোনীত হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) এবং ABVP-র সদস্যরা। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ (প্রশাসনিক ও নিয়ম) আইন ২০১৭-এর অধীনে রাজ্যপালের অনুমোদনে এই নিয়োগ করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
প্রতিটি কলেজে দুজন করে সদস্য নির্বাচন করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের সীতানন্দ কলেজের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ABVP তমলুকের প্রধান এবং RSS সদস্য সায়ন পণ্ডা। এছাড়া গাইঘাটার গোবরডাঙা হিন্দু কলেজে সদস্য হয়েছেন যুব বিজেপির মুখপাত্র অচিন্ত্য মণ্ডল এবং ভৈরব গাঙ্গুলি কলেজে সরকারি নমিনি হয়েছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী।
অন্যান্য নিয়োগের মধ্যে মালদহ কলেজের দায়িত্ব পেয়েছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস এবং খড়গপুর কলেজে নমিনি করা হয়েছে যুব বিজেপির কনভেনর সৌরীন গোস্বামীকে। বাঁকুড়ার ছাতনা চণ্ডীদাস মহাবিদ্যালয়ে মনোনীত হয়েছেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্বপন মুখোপাধ্যায়। এছাড়া পাঁচমুড়া মহাবিদ্যালয়ের গভর্নিং বডিতে স্থান পেয়েছেন ABVP দক্ষিণবঙ্গের সহ সম্পাদক প্রণব কুসুম মাহাতো এবং স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয়ের নমিনি হয়েছেন ABVP-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলা প্রমূখ বাণীব্রত চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, ২৪৭টি কলেজের পরিচালন সমিতির সভাপতির তালিকায় রয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তসহ বেশ কয়েকজন মন্ত্রী, বিজেপি বিধায়ক ও সাংসদ।







