পাঞ্জাবের অমৃতসরের ধাঁচে এ বার কলকাতায় গড়ে উঠতে চলেছে রাজ্যের নিজস্ব প্রথম পার্টিশন মিউজিয়াম। দেশভাগের স্মৃতি, ভিটেমাটি হারানোর যন্ত্রণা এবং উদ্বাস্তু জীবনের লড়াইয়ের ইতিহাস সংরক্ষণ করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। ঐতিহাসিক নথির পাশাপাশি কয়েক প্রজন্মের বয়ে বেড়ানো ব্যক্তিগত স্মৃতিকথা এই সংগ্রহশালায় জায়গা পেতে চলেছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য প্রায় ৮ থেকে ১০ একর জমির প্রয়োজন। সেই লক্ষ্যে উত্তর কলকাতার পোস্তা এলাকায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ পুরনো টাঁকশালের জমি এবং রাজারহাট— এই দুই বিকল্প বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহনের ঘরে এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিশেষজ্ঞ রেশমী দাশগুপ্ত এবং ‘ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ’-এর ডিরেক্টর তথা ‘বেঙ্গল পার্টিশন মিউজিয়াম’-এর কনসেপ্ট কো-অর্ডিনেটর অধ্যাপক অরিন্দম মুখোপাধ্যায়।
প্রশাসনিক সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে আসা শরণার্থীদের ভাঙা তোরঙ্গ, পোস্টকার্ড, ইনল্যান্ড লেটার, পুরনো খাম, পঞ্চম জর্জের মুদ্রা, নকশিকাঁথা, শাল, ফেলে আসা বাড়ির চাবি, রেশন কার্ড, মার্কশিট, সেলাই মেশিন এবং চিঠিপত্র এই মিউজিয়ামে প্রদর্শিত হবে। এ ছাড়াও থাকবে দেশভাগ প্রত্যক্ষ করা মানুষদের অডিও-ভিডিও সাক্ষাৎকার, উদ্বাস্তু কলোনির ইতিহাস এবং মরিচঝাঁপির মতো গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিবরণ। ওয়াশিংটন ডিসির Holocaust Museum, জার্মানির কনসেনট্রেশন ক্যাম্প এবং দিল্লির অম্বেডকর বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা দেখার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এটিকে আধুনিক ও ইন্টারঅ্যাকটিভ রূপে গড়ে তোলার কনসেপ্ট নোট তৈরি করছেন বিশেষজ্ঞরা।







