সরকারি ব্যবস্থাপনায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ১ ডিসেম্বর থেকে এই কাজ শুরু হওয়ার কথা থাকলেও সম্প্রতি দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির জেরে মাঠে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে সরকারি নির্ধারিত গুণমানের ধান কতটা মিলবে, তা নিয়ে খাদ্যদপ্তরের অন্দরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। কেন্দ্রীয় নিয়মানুযায়ী ধানের আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ১৭ শতাংশ পর্যন্ত গ্রহণযোগ্য এবং ক্রয়কেন্দ্রগুলিতে যন্ত্রের মাধ্যমে তা পরীক্ষা করেই ধান নেওয়া হয়। কিন্তু বৃষ্টির জলে ধান ভিজে যাওয়ায় দক্ষিণবঙ্গের চালকল মালিকদের আশঙ্কা, নির্ধারিত মানের ধান না মেলায় অনেক চাষি কম দামে খোলাবাজারে ধান বিক্রি করতে বাধ্য হতে পারেন।
রাজ্য সরকার ২০২৬-২৭ খরিফ মরশুমে আপাতত ২৫ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা গতবারের তুলনায় অনেকটাই কম। খাদ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় রাজ্যের প্রায় ৬ কোটি রেশন গ্রাহকের চালের চাহিদা মেটাতেই আপাতত এই লক্ষ্য ঠিক করা হয়েছে। তবে প্রয়োজন পড়লে পরবর্তীতে আরও ধান কেনা হতে পারে।
ধান কেনার জন্য এবার রাজ্যে ২৯৯টি স্থায়ী সেন্ট্রালাইজড প্রকিউরমেন্ট সেন্টার বা CPC খোলা হচ্ছে, যেখানে গতবার সংখ্যাটি ছিল ৬০০-র বেশি। গত বছর গ্রামে লরি পাঠিয়ে ১৭৫টি মোবাইল CPC-র মাধ্যমে ধান কেনা হলেও এবার তা বন্ধ রাখা হচ্ছে। তার বদলে কৃষি সমবায় সংস্থা ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে অস্থায়ী শিবির বা ক্রয়কেন্দ্র খুলে ধান সংগ্রহ করা হবে। খাদ্যদপ্তরের কাছে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৪ হাজার কৃষক অনলাইনে নাম নথিভুক্ত করেছেন। কৃষকদের জমির পরিমাণের উপর ভিত্তি করে কে কতটা ধান বিক্রি করতে পারবেন, তা যাচাই করবে কৃষিদপ্তর।






