সিকিমের গ্যাংটকে আউটডোর শুটিং চলাকালীন এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার টেকনিশিয়ান পিন্টু মণ্ডল (৪৬)। Maddock Films-এর আসন্ন ছবি ‘মিশন মির্চি’-র শুটিং উপলক্ষে তিনি সেখানে কাজ করছিলেন। ১৬ নভেম্বর শুটিংয়ের লোকেশন পরিবর্তনের সময় তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় বাবর আলি মোল্লা (৩৬) নামে আরও এক টেকনিশিয়ান আহত হন।
দুর্ঘটনার পর গুরুতর জখম পিন্টু মণ্ডলকে গ্যাংটকের STNM হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীন ১৭ নভেম্বর সকালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ‘লাইট অ্যান্ড লাইট’ সংস্থার অধীনে লাইট বয় হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন পিন্টু। পরিচালক কুণাল দেশমুখের পরিচালনায় এবং সঞ্জীব মিশ্রের প্রযোজনায় তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন বিজয় বর্মা ও জয়দীপ আহলাওয়াত। গ্যাংটক ও সংলগ্ন অঞ্চলে ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত শুটিংয়ের পরিকল্পনা ছিল।
এই মর্মান্তিক পরিণতির পর শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পরেও প্রযোজনা সংস্থার তরফে নিহতের পরিবারের পাশে দাঁড়ানো বা ক্ষতিপূরণ সংক্রান্ত স্পষ্ট কোনও বার্তা না মেলায় তৈরি হয়েছে ক্ষোভ। চলতি বছরেই ওড়িশার তালসারিতে ধারাবাহিকের শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুর স্মৃতি উসকে দিয়ে ফের শুটিং ইউনিটের নিরাপত্তা ও নির্দিষ্ট SOP কার্যকরের দাবি জোরালো হচ্ছে।







