Bigg Boss Bangla-র ঘরে প্রেমের নাটক আরও একবার তুঙ্গে। পাশাপাশি বিছানায় শুয়ে সৃজলা গুহ-কে ফের 'আই লাভ ইউ' বলে প্রেমের প্রস্তাব দিলেন জীতু কমল। এর আগেও একবার সৃজলার কাছে মনের কথা জানিয়েছিলেন তিনি, যা অভিনেত্রী হেসে উড়িয়ে দিয়েছিলেন। তবে এবার জীতু স্পষ্ট করে 'হ্যাঁ' অথবা 'না' উত্তর চেয়েছিলেন। সৃজলা সরাসরি 'না' বলে জীতুকে জানিয়ে দেন যে তিনি তাঁকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবছেন না।
প্রত্যাখ্যাত হওয়ার পর দুজনের মধ্যে তুমুল তর্ক শুরু হয় এবং রাগের মাথায় একে অপরের সঙ্গে কথা না বলার সিদ্ধান্ত নেন তাঁরা। তবে এই মান-অভিমান স্থায়ী হয়নি। রাতের খাবারের সময় জীতু নিজেই নিজের হাতে সৃজলাকে খাইয়ে দেন, যার ফলে মুহূর্তেই বদলে যায় পরিবেশ। এখন দেখার এই সম্পর্ক বন্ধুত্বের সীমানায় থাকে নাকি প্রেমে রূপ নেয়।
অন্যদিকে, শো-তে এখন টানটান উত্তেজনা। এই সপ্তাহেই নির্ধারিত হবে চলতি সিজনের প্রথম ফাইনালিস্ট, অর্থাৎ দর্শকদের হাতে আসবে 'টিকিট টু ফিনালে'। তবে এই দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন রণিতা দাস এবং তনুশ্রী রায় দাস, যাঁদের দুজনের মাথায় এখন নমিনেশনের খাঁড়া ঝুলছে।







