কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বইয়ের স্টল বসানো নিয়ে SFI এবং ABVP-র মধ্যে সংঘাতের আবহে কলেজ স্ট্রিটে পৌঁছন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সোমবার দুপুরে সুজন চক্রবর্তীর সঙ্গে সেখানে উপস্থিত হলে ABVP কর্মীদের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ‘গো-ব্যাক’ স্লোগান দেওয়া হয়। বিমান বসু সেখান থেকে চলে যাওয়ার পর তাঁকে লক্ষ্য করে ‘পালিয়ে গেল’ বলে চিৎকার করা হয় বলে জানা গেছে।
এই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসিমুখে বিমান বসু বলেন, “গো-ব্যাক বলার দরকার কী আছে? আমি তো এখানে থাকতে আসিনি। আমি বই বিক্রি করতেও আসিনি। আমার মিটিং আছে, সেখানে যেতে হবে।” একইসঙ্গে কলেজ স্ট্রিটের অশান্তির নিন্দা জানিয়ে তিনি বলেন, ইতিহাস এবং বাস্তব জ্ঞান কম থাকলে এই ধরনের ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিধায়ক কুণাল ঘোষ প্রবীণ নেতা বিমান বসুকে লক্ষ্য করে এমন স্লোগানের তীব্র সমালোচনা করে বলেন যে, যারা এই কাজ করেছে তারা রাজনীতি বা বিমান বসুকে চেনে না। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘটনাকে ছাত্রদের আন্দোলনের অংশ হিসেবে বর্ণনা করে জানান যে, আন্দোলন কখনও নিরামিষ হয় না, তাই এমনটা হতে পারে।
উল্লেখ্য, গত চার বছর ধরে SFI পুলিশি অনুমতি নিয়ে সেখানে বইয়ের স্টল বসিয়ে আসছে। এবার ABVP-র দাবি ছিল তাদেরও স্টল বসানোর অনুমতি দেওয়া হোক। এই দাবি কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ও বাজি ছোড়াছুটির মতো অশান্তির অভিযোগ উঠেছে।







