জলপাইগুড়ির বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতরে আশ্রয় নেওয়া আহত হাতিটির শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করেছে। বন দফতর সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েকদিনের উদ্বেগ কাটিয়ে রবিবার হাতিটি নিজে থেকেই এগিয়ে এসে খাবারের সঙ্গে মেশানো ওষুধ খেয়েছে। এই ইতিবাচক আচরণে স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসার সঙ্গে যুক্ত বনকর্মী এবং পরিবেশপ্রেমীরা।
ঘটনাটি শুরু হয় গত ১১ নভেম্বর, যখন সেনা জওয়ানরা ছাউনির ভেতরে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। হাতিটির সামনের বাঁ পায়ে একাধিক গভীর ক্ষত তৈরি হয়েছিল এবং সেখানে পচন ধরেছিল। এমনকি ক্ষতস্থান থেকে ম্যাগট বা পোকা বেরিয়ে আসছিল। খবর পেয়েই বিন্নাগুড়ি Wildlife Squad-এর আধিকারিক, জলপাইগুড়ি জেলা বন আধিকারিক এবং পরিবেশপ্রেমীরা ঘটনাস্থলে পৌঁছান।
প্রাথমিক পর্যায়ে হাতিটি চিকিৎসায় সাড়া দিচ্ছিল না এবং খাবারের সঙ্গে দেওয়া ওষুধ মুখে তুলছিল না। এরপর বন দফতরের পক্ষ থেকে Tranquilizer Gun-এর মাধ্যমে ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং টানা পাঁচ দিন তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকদের মতে, ওষুধের প্রভাবে এখন পায়ের ক্ষতস্থান থেকে পোকা বেরিয়ে আসতে শুরু করেছে। বর্তমানে হাতিটি সেনা ছাউনির একটি নির্দিষ্ট এলাকাতেই ঘোরাফেরা করছে এবং বনকর্মীরা তার ওপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন।







