সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিনেই ভারতে ফিরে এলেন বীরভূমের মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। শীর্ষ আদালতের নির্দেশ ছিল, ১৭ নভেম্বরের মধ্যে তাঁকে ভারতে ফিরতে হবে। সেই নির্দেশ মেনে মঙ্গলবার সকালেই তিনি দেশে ফিরেছেন। তবে বীরভূমে না গিয়ে বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন বলে জানা গিয়েছে।
টুলু মণ্ডলের আইনজীবীদের দাবি, তাঁর দেশে ফেরার খবর বীরভূম জেলা পুলিশের ডিএসপি (আইনশৃঙ্খলা) তথা মামলার তদন্তকারী আধিকারিক কুণাল মুখোপাধ্যায়কে জানানো হয়েছে। পাশাপাশি সিউড়ি আদালতেও এই সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা ও প্রচুর পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় এর আগে তিনি প্রকাশ্যে আসেন। বিপুল অঙ্কের আয়কর দেওয়ার তথ্য সামনে আসার পর পুলিশের দাবি ছিল, তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন। তিনি দুবাই নাকি তুরস্কে ছিলেন, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়।
রাজ্যে সরকার বদলের পর টুলু মণ্ডলের ১৪৪ কোটি টাকার সম্পত্তির হদিস মেলে। তৃণমূল জমানায় বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে পথশ্রী প্রকল্প, নদী বাঁধ ও ড্যাম তৈরির মতো একাধিক সরকারি কাজের বরাত একাধিক সংস্থার নামে পেতেন টুলু। তবে সরকার পরিবর্তনের পর থেকেই দেশে তাঁর খোঁজ মেলেনি, যার পর সুপ্রিম কোর্ট তাঁকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফেরার কড়া নির্দেশ দেয়।







