প্যাকেটজাত পানীয় জলের গুণমান এবং নিরাপত্তা নিয়ে খাদ্য নিয়ামক সংস্থা FSSAI-এর নানা তথ্যের জবাবে নিজেদের বক্তব্য স্পষ্ট করল Bisleri। সম্প্রতি ল্যাব পরীক্ষায় ব্রোমেট ও PAH-এর মতো উপাদানের উপস্থিতি সংক্রান্ত খবরে তোলপাড় শুরু হয়। এই পরিস্থিতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের উৎপাদিত পানীয় জল সম্পূর্ণ নিরাপদ এবং গ্রাহকদের সুরক্ষাকেই তারা সর্বদা অগ্রাধিকার দেয়।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গোয়ার একটি উৎপাদনকেন্দ্রের একটি নির্দিষ্ট ব্যাচের জলের নমুনা পরীক্ষা নিয়ে এই জটিলতার সৃষ্টি হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় একটি নমুনায় ব্রোমেটের মাত্রা সামান্য বেশি পাওয়া গেলেও, পরবর্তীতে পুনরায় পরীক্ষার আবেদনে ব্রোমেটের মাত্রা নির্দিষ্ট সীমার মধ্যেই দেখা যায়। তবে সেই রিপোর্টে PAH শনাক্ত হওয়ায় বৈপরীত্য তৈরি হয়। এর পর সংশয় দূর করতে Bisleri অন্য একটি FSSAI অনুমোদিত স্বাধীন গবেষণাগারে নমুনা পরীক্ষা করায়, সেখানেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার ভেতরেই পাওয়া গেছে।
Bisleri আরও জানিয়েছে যে, ৯০টি পরীক্ষা এবং ১০টি উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রতি ফোঁটা জলের গুণমান বজায় রাখে। সমস্ত স্বাধীন পরীক্ষার ফল ও চিঠি ইতিমধ্যে FSSAI-কে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিষ্পত্তির জন্য সংস্থা নিয়ামক কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের সহযোগিতা করছে।






