নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক পালাবদলের ফলে এবার সম্পূর্ণ এলাকার ক্ষমতা বিজেপির হাতে এল। বুধবার অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে প্রধান ও উপপ্রধানের পদ দখল করল বিজেপি সদস্যরা। এর ফলে নন্দীগ্রামের দুটি ব্লক এবং মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতেই এখন পদ্ম পতাকা উড়ল।
দাউদপুর গ্রাম পঞ্চায়েতে মোট ১৭টি আসন রয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১২টি এবং বিজেপি ৫টি আসনে জয়লাভ করেছিল। সেই সময় সংখ্যাগরিষ্ঠতার জোরে সাবিনা ইয়াসমিন প্রধান এবং আইনাল হক উপপ্রধান হিসেবে দায়িত্ব সামলেছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণের বদলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটে। নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজেপির মুনমুন পানি এবং উপপ্রধান নির্বাচিত হয়েছেন সবিতা জানা।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল এবং প্রধান নির্বাচনের দিন তৃণমূলের পক্ষ থেকে বোমাবাজি করা হয়েছিল। তা সত্ত্বেও বিজেপি ৫টি আসন পেয়েছিল। তিনি আরও জানান যে, এখন তাঁরা মানুষের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করবেন।







