শুভেন্দু অধিকারীর নাম ব্যবহার করে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা অভিজিৎ করণ। ধৃত ব্যক্তি পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা এবং নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ সভাপতি। অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে চাকরি ও কাজের বরাতের প্রলোভন দেখিয়ে তিনি এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়েছেন।
এই ঘটনার প্রেক্ষিতে নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য রিপুঞ্জয় প্রামাণিক গত ১১ নভেম্বর নন্দকুমার থানায় একটি এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে প্রার্থী করার লোভ দেখিয়ে অভিজিৎ করণ তাঁর থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন। এই ঘটনার কথা জানতে পেরে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী পুলিশ সুপারকে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
শনিবার পুলিশ অভিজিৎ করণকে গ্রেফতার করে এবং রবিবার তাঁকে পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে পেশ করা হয়। বিচারক তাঁকে দু’দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিজিৎ করণের দাবি, তাঁকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে এবং ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগটি সঠিক নয়।







