শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার বিজেপি যুব মোর্চা নেতা নয়ন সরকারকে সোনা চুরির ঘটনায় গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযুক্ত নয়ন ডাবগ্রাম-ফুলবাড়ি তিন নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক পদে রয়েছেন। অভিযোগ, সোনা এবং লক্ষাধিক টাকা চুরির ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত। চুরির অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্তে নেমে অভিযান চালিয়ে অভিযুক্ত যুব নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে একজন নাবালক। ধৃত এই তিনজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরির বেশ কিছু তথ্য উঠে আসে। সেই সূত্রের ওপর ভিত্তি করেই শিলিগুড়ির হাসমিচকের এক সোনার দোকানের মালিক অয়ন মাইতিকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যবসায়ী পূর্ব চয়নপাড়া এলাকার বাসিন্দা।
অভিযুক্ত বিজেপি যুব নেতা সহ ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।







