রাজ্যে ‘বৃহন্নলা ব্রিগেড’ শীর্ষক একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে সরকার, যেখানে মুম্বই মডেল অনুসরণ করা হবে। মহারাষ্ট্রে যেভাবে ট্রাফিক-বিধি কার্যকরের জন্য তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়োগ করা হয়েছে, বাংলায় ঠিক সেই পদ্ধতিই নেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আগামী জানুয়ারিতে এই প্রকল্প কার্যকর করার প্রস্তুতি নিচ্ছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই লক্ষ্যে নারী ও শিশুকল্যাণ দপ্তরের প্রধান সচিব মৌমিতা গোদারা বসুর নেতৃত্বে একটি বিশেষ স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নের আগে আসল ও নকল বৃহন্নলাদের আলাদা করা অত্যন্ত জরুরি বলে মনে করছে প্রশাসন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে কলকাতা, হাওড়া এবং বিধাননগরের সমস্ত থানা এলাকায় পুলিশ বিশেষ নজরদারি চালিয়ে প্রকৃত তৃতীয় লিঙ্গের মানুষদের তালিকা তৈরি করবে। রূপান্তরকামী এবং বৃহন্নলা সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, অনেক ছদ্মবেশী ও অনুপ্রবেশকারী বৃহন্নলা রাজ্যে তোলাবাজি এবং ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। এই তথ্যের ভিত্তিতেই প্রকৃত সদস্যদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী।
নির্বাচিত ব্যক্তিদের ট্রাফিক বিধি শেখানোর জন্য লালবাজারের ট্রাফিক বিভাগ বর্তমানে একটি বিশেষ সিলেবাস তৈরি করছে। প্রথম দফায় কলকাতা, হাওড়া ও বিধাননগরে এই প্রকল্প শুরু হলেও দ্বিতীয় দফায় শিলিগুড়ি, আসানসোল এবং হলদিয়ায় এটি সম্প্রসারিত করা হবে। এছাড়া শিক্ষিত বৃহন্নলাদের বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ করার পরিকল্পনাও রয়েছে সরকারের। এই তালিকা তৈরিতে নারী ও শিশুকল্যাণ দপ্তর ট্রান্সজেন্ডারদের পুরনো সংগঠনগুলোর সহায়তা নিচ্ছে।







