হাওড়া পৌরসভার দেওয়া বাড়ি ভাঙার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সুজয় ওরফে সুজয় সরকার। মামলাকারীর দাবি ছিল, তিনি কখনও স্বীকার করেননি যে তাঁর নির্মাণ বেআইনি। অথচ পৌরসভা তাঁর একটি লিখিত বক্তব্যকে বেআইনি নির্মাণের স্বীকারোক্তি হিসেবে ধরে নিয়ে ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর বোরো-২-এর সহকারী ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল।
বিচারপতি রিশাদ মেদোরা মামলার নথি খতিয়ে দেখে জানিয়েছেন, ২০২৫ সালের ৩ এপ্রিল বাড়ির মালিক যে চিঠি দিয়েছিলেন, তাতে বেআইনি নির্মাণের কথা স্বীকার করার কোনও উল্লেখ নেই। আদালতের পর্যবেক্ষণ, ওই নথিতে সুজয় সরকার শুধু নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন। তাই সেই আবেদনকে বেআইনি নির্মাণের স্বীকারোক্তি বলে ধরে নেওয়া যায় না।
সব দিক খতিয়ে দেখে পৌরসভার বাড়ি ভাঙার নির্দেশ খারিজ করে দেয় আদালত। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, বাড়ির মালিক এবং অভিযোগকারী পক্ষকে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে। আগামী আট সপ্তাহের মধ্যে সব পক্ষের বক্তব্য ও নথি খতিয়ে দেখে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে হাওড়া পৌরসভাকে।







