পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি বাড়াতে তৎপর হয়ে উঠল CBI। বর্তমানে ED-র মামলায় জেল হেফাজতে থাকা প্রাক্তন দমকল মন্ত্রী Sujit Bose-কে জিজ্ঞাসাবাদ করার জন্য মঙ্গলবার আলিপুর CBI বিশেষ আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালত সূত্রে খবর, বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন, যার ফলে এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে Sujit Bose-কে জেরা করতে পারবেন তদন্তকারীরা।
মঙ্গলবার মামলার তদন্তকারী অফিসার আদালতে জানান, নতুন কিছু তথ্যের ভিত্তিতে এবং তদন্তের স্বার্থে Sujit Bose-কে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। সওয়াল-জবাব শেষে আদালত এই অনুমতি প্রদান করে। উল্লেখ্য, এই মামলায় এর আগে প্রোমোটার অয়ন শীল, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় এবং নগরোন্নয়ন দফতরের এক প্রাক্তন কর্তার নাম উল্লেখ করে চার্জশিট পেশ করেছিল CBI।
পরবর্তীতে এই ঘটনার সমান্তরাল তদন্তে নেমে ED প্রাক্তন মন্ত্রী Sujit Bose-কে গ্রেফতার করে। তাঁর গ্রেফতারির পর আদালতের অনুমতি নিয়ে পুনরায় তদন্ত শুরু করে CBI। ইতিমধ্যেই Sujit Bose-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দক্ষিণ দমদম পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর ও আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার সরাসরি জেল হেফাজতে গিয়ে তাঁকে জেরা করার অনুমতি মেলায় তদন্তের মোড় কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।







