নমুনা পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হয়েছে ২০০টির বেশি জীবনদায়ী ওষুধের নমুনা। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে এই অকৃতকার্য ওষুধগুলির বিক্রয় বন্ধ করার কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। সাধারণত নিম্নমানের ওষুধের জন্য ছোট বা মাঝারি সংস্থাকে দায়ী করা হলেও, এবারের তালিকায় বহু 'মার্কেট লিডার' বা নামী ওষুধ প্রস্তুতকারক সংস্থার নাম উঠে এসেছে।
কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের সূত্রে জানা গেছে, এই তালিকায় থাকা ওষুধগুলি Not of Standard Quality (NSQ) বা নিম্নমানের হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে রয়েছে আমেদাবাদের একটি নামজাদা সংস্থার Atorvastatin এবং Clopidogrel-এর কম্বিনেশন, যা হার্ট অ্যাটাক প্রতিরোধে ব্যবহৃত হয়। এছাড়া একটি বিখ্যাত ফরাসি বহুজাতিক সংস্থার তৈরি Pheniramine-এর নমুনাও গুণমান পরীক্ষায় ফেল করেছে, যা মূলত অ্যালার্জি ও সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয়।
তালিকায় আরও রয়েছে মুম্বইয়ের একটি সংস্থার Cyclopam, Aspirin এবং Clopidogrel-এর কম্বিনেশন, অ্যান্টিবায়োটিক Ciprofloxacin Hydrochloride, সুগারের ওষুধ Glimepiride এবং ক্যালসিয়াম ও Vitamin D3-এর কম্বিনেশন। পাশাপাশি Sodium Lactate ইনজেকশন, Pantoprazole ও Domperidone-এর মতো গ্যাস-অম্বলের ওষুধ এবং Cyproheptadine-এর মতো অ্যান্টি-অ্যালার্জিক ওষুধের নমুনাও অকৃতকার্য হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে All India Chemists and Distributors Federation (AICDF)। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়দীপ সরকার অভিযোগ করেছেন, বড় সংস্থাগুলির ওষুধ ধরা পড়লে তাকে NSQ বা নিম্নমানের বলা হচ্ছে, অথচ ছোট সংস্থাগুলির ক্ষেত্রে একে ভেজাল বা Spurious ওষুধ হিসেবে চিহ্নিত করা হয়।







