প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার নির্ধারিত এই শোভাযাত্রা এখন আগামী রবিবার অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬টা থেকে শোভাযাত্রা শুরু হবে।
চন্দননগরের নিত্যগোপাল স্মৃতি মন্দিরে পুজো কমিটি, পুলিশ এবং পুরসভার প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে, দুর্যোগের কারণে বৃহস্পতিবার শোভাযাত্রা বন্ধ রাখা হবে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানান, কমিটির অন্তর্ভুক্ত ১৮০টি পুজোর সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেয়নি, তারা পরিবেশ অনুকূল থাকলে শনিবার অথবা রবিবার সকালে বিসর্জন সম্পন্ন করবে।
দীর্ঘ ২৮ বছর পর দুর্যোগের কারণে নির্ধারিত দিনের পর শোভাযাত্রা হওয়ার পরিস্থিতি তৈরি হলো। বৃহস্পতিবার রাস্তার দু'ধারে ভিড় না থাকায় পরিবেশ ছিল শুনশান। আলোকসজ্জার লরিগুলি ত্রিপল দিয়ে ঢাকা দেওয়া ছিল এবং প্রতিমাগুলি মণ্ডপের বাইরে আনা হয়নি। তবে চন্দননগরের ব্রাহ্মণপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বৃষ্টির মধ্যেই বিসর্জন দেওয়া হয়েছে।
উক্ত বৈঠকে বিধায়ক, পুলিশের এসিপি ওয়ান ও এসবি, আই সি চন্দননগর, WBSEDCL-এর ডিভিশনাল ম্যানেজার, মিউনিসিপ্যাল কমিশনার এবং ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির ইও উপস্থিত ছিলেন।







