পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার মানিককুন্ডু গ্রামের বাসিন্দা বুদ্ধনাথ পাল অভিযোগ করেছেন, তিনি কোনো ওটিপি (OTP) বা পিন নম্বর শেয়ার না করেই তাঁর ইউকো ব্যাংক (UCO Bank) অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা কেটে নেওয়া হয়েছে। বেসরকারি একটি কোম্পানির কর্মী বুদ্ধনাথবাবুর বাঁকা শাখায় অ্যাকাউন্ট রয়েছে। তাঁর দাবি, গত ১৪ নভেম্বর দু’দফায় মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায়।
মোবাইলে টাকা কেটে নেওয়ার মেসেজ পেয়েই বিষয়টি জানতে পারেন তিনি। বুদ্ধনাথবাবু দাবি করেন, তিনি কাউকে কোনো ওটিপি বা পিন নম্বর জানাননি, তা সত্ত্বেও কীভাবে অ্যাকাউন্ট থেকে এত টাকা উধাও হলো, তা নিয়ে তিনি উদ্বেগে রয়েছেন। ঘটনার পরপরই তিনি ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অভিযোগ জানান এবং চন্দ্রকোনা থানার সাইবার হেল্প ডেস্কে লিখিত অভিযোগ দায়ের করেন।
বুদ্ধনাথবাবু জানান, “আমি খেটে রোজগার করি। খুব কষ্ট করে জমানো টাকা। কিছু বোঝার আগেই কীভাবে এই ঘটনা ঘটল, জানি না।” তিনি কীভাবে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হলো, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষের কাছেও গ্রাহকের অজান্তে এমন ঘটনা কীভাবে ঘটে গেল, তার কোনো উত্তর নেই বলে খবর।







