উত্তরপ্রদেশের নগিনা কেন্দ্রের সাংসদ এবং সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদ একসময় ABVP-র সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একটি টেলিভিশন চ্যানেলের আলোচনায় সাংবাদিক স্বাতী চতুর্বেদী দাবি করেন যে, চন্দ্রশেখর আজাদ একসময় এই দক্ষিণপন্থী ছাত্র সংগঠনের সদস্য ছিলেন। পাশাপাশি তাঁর অভিযোগ, দলিত ভোট ভাগ করার উদ্দেশ্যে বিজেপি চন্দ্রশেখরকে ব্যবহার করছে।
স্বাতী চতুর্বেদীর এই মন্তব্যের পর সরাসরি বিবৃতি দিয়ে দাবিটি খারিজ করেছে ABVP। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রশেখর আজাদের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক ছিল না এবং তিনি কখনোই এই সংগঠনের সদস্য বা কর্মী ছিলেন না। একইসঙ্গে ABVP-র অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এবং নির্দিষ্ট বয়ান তৈরি করতে স্বাতী চতুর্বেদী তথ্য বিকৃত করছেন, যা সাংবাদিকতার নীতির পরিপন্থী।
নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চন্দ্রশেখর আজাদ। একটি সংবাদমাধ্যমের আলোচনায় তিনি স্পষ্ট করে বলেন, ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ABVP-র সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানিয়েছেন, কেউ যদি প্রমাণ করতে পারেন যে তিনি ABVP-র সঙ্গে যুক্ত ছিলেন, তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
এই বিতর্কের মাঝেই চন্দ্রশেখর আজাদের রাজনৈতিক তৎপরতা নজর কাড়ছে। সম্প্রতি আসাদউদ্দিন ওয়েইসির দলের সঙ্গে জোট বেঁধেছেন তিনি। এই জোট নিয়ে অখিলেশ যাদব কটাক্ষ করে দাবি করেছেন যে, চন্দ্রশেখর এবং ওয়েইসির রাজনৈতিক গতিবিধির নিয়ন্ত্রণ আসলে বিজেপির হাতেই রয়েছে।







