সোশ্যাল মিডিয়া ও রিলসের প্রতি আসক্তি নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন জনপ্রিয় লেখক, কলামনিস্ট ও ইউটিউবার Chetan Bhagat । 'সাহিত্য আজ তক'-এর বিশেষ অধিবেশন 'নভেল আইডিয়াজ সে AI অ্যালগরিদম তক'-এ অংশ নিয়ে তিনি জানান, রিলস দেখা অনেকটা জাঙ্ক ফুড খাওয়ার মতো। দেখতে ভালো লাগলেও এর অতিরিক্ত ব্যবহার শরীর ও মনের পক্ষে ক্ষতিকর। পাঠকদের মনোযোগ ফিরিয়ে আনতে তিনি প্রতিদিন অন্তত পাঁচ পাতা করে বই পড়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন।
চেতন ভগত জানান, অতীতেও মানুষকে বই পড়তে উৎসাহিত করা কঠিন ছিল, তবে এখন সেই চ্যালেঞ্জ আরও বেড়েছে। আগে টেলিভিশন ও সিনেমা বিনোদনের প্রধান মাধ্যম থাকলেও এখন কয়েক সেকেন্ডের রিলস মানুষের মনোযোগ দ্রুত কেড়ে নিচ্ছে। ফলে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস দ্রুত কমে যাচ্ছে। নতুন পাঠকদের আবার বইয়ের দিকে আকৃষ্ট করাই লেখকদের কাছে বর্তমানে বড় পরীক্ষা।
নিজে রিলস তৈরি করা প্রসঙ্গে চেতন জানান, রিলস দেখা এবং রিলস বানানোর মধ্যে তফাত রয়েছে। তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং তাঁদের বই পড়ার প্রতি আগ্রহী করতেই তিনি Instagram -এর মতো মাধ্যমে সক্রিয় রয়েছেন। তিনি লক্ষ্য করেছেন, অনুপ্রেরণামূলক বা ভালো বিষয়ের ভিডিওতে যেখানে কম ভিউ মেলে, সেখানে নাচের ভিডিও সহজেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। এছাড়া ৫২ বছর বয়সে ফিটনেস বজায় রাখার গুরুত্ব বোঝাতেও তিনি শরীরচর্চা সংক্রান্ত কনটেন্ট তৈরি করেন বলে জানান।







