ডায়মন্ড হারবারে প্রভাব খাটিয়ে বাজারদরের চেয়ে কম দামে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস বিধায়ক শামিম আহমেদের বাড়িতে অভিযান চালাল CID। বুধবার মাঝরাতে ডায়মন্ড হারবার পুলিশের সহায়তায় সরিষায় অবস্থিত বিধায়কের বাসভবনে পৌঁছান তদন্তকারী আধিকারিকরা। তবে দীর্ঘক্ষণ দরজায় ধাক্কাধাক্কি এবং ডাকাডাকি করার পরেও বাড়ির ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। বিধায়ক শামিম আহমেদ সেখানে উপস্থিত ছিলেন কি না, তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধায়ক বেশ কয়েকদিন ধরে ওই বাড়িতে থাকছেন না এবং বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন, তা স্পষ্ট নয়। শেষ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না পেয়ে তদন্তকারী দল সেখান থেকে ফিরে যায়। জানা গিয়েছে, গত বছর এই জমি দখল সংক্রান্ত অভিযোগ উঠলেও রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ তখন কোনো পদক্ষেপ নেয়নি। সম্প্রতি এই মামলার তদন্তভার CID-র হাতে যাওয়ার পর বুধবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়িতে হানা দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে সরিষার একটি তৃণমূল পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়েছিল। অভিযোগ ছিল, ওই অফিসে শামিম আহমেদ বসতেন। তবে বিধায়ক এই ঘটনার সঙ্গে তাঁর কোনো যোগ নেই বলে দাবি করেছেন এবং এই বিষয়ে CBI তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।







