সংগঠনের পরিধি বাড়াতে ১০টি রাজ্য ও অঞ্চলে আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন এবং জোনাল ইন-চার্জ নিয়োগ করল Cockroach Janata Party (CJP)। শনিবার এই ঘোষণা করা হয়। যে রাজ্যগুলিতে কমিটি গঠন করা হয়েছে, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চল।
কমিটির সদস্য সংখ্যার হিসেবে উত্তরপ্রদেশে ১৬ জন, মহারাষ্ট্রে ১৫ জন, ঝাড়খণ্ড ও উত্তর-পূর্বাঞ্চলে ১৪ জন, বিহারে ১৩ জন, পশ্চিমবঙ্গে ১২ জন, হরিয়ানা ও উত্তরাখণ্ডে ৬ জন এবং জম্মু ও কাশ্মীরে ৪ জন সদস্য রয়েছেন। এছাড়া পশ্চিম অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষিতিজ পাগারকে এবং উত্তর অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে ড. বিবেক সাংওয়ানকে। উত্তর অঞ্চল সমন্বয় কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন মহম্মদ জুনাইদ ও গিগরাজ জোরলি।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির 'ককরোচ' মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত মে মাসে অভিজিৎ দীপ একটি ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ হিসেবে CJP প্রতিষ্ঠা করেন। এরপর NEET-UG প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে ৩৬ দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করে এই দল। তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাঁদের আন্দোলনের মুখে ২৫ জুলাই তিনি পদত্যাগ করেন। পরবর্তীতে SIR সহ অন্যান্য বিষয় উত্থাপন করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছে CJP।







