দলের সাংগঠনিক ভিত মজবুত করতে বড় পদক্ষেপ নিল কংগ্রেস। এখন থেকে যে কেউ দলের সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার ময়নাগুড়ির দলীয় কার্যালয়ে আয়োজিত একটি বিশেষ কর্মসূচিতে এই নতুন সদস্যপদ ফর্ম প্রকাশ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের জেলা অবজারভার শান্তনু দেবনাথ, সংখ্যালঘু সেলের জেলা চেয়ারম্যান মুস্তিফুজুল রহমান এবং প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক রামমোহন রায় সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠকে চারটি বিধানসভা এলাকার সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়। নেতৃত্ব জানান, বুথ স্তর থেকে দলকে আরও চাঙ্গা করতে সাধারণ মানুষের জন্য সদস্যপদের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে দলের অভ্যন্তরে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে। জানানো হয়েছে, কোনো সদস্য যদি দলীয় কাজে সক্রিয় না থাকেন বা দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে তাঁকে শোকজ নোটিশ দেওয়া হবে।







