আগামী সপ্তাহে কোচবিহার রাসমেলা শুরু হতে চলেছে। এই ঐতিহ্যবাহী মেলার সময় কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে গভীর রাত পর্যন্ত বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)। নিগমের ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনীকুমার রায় জানিয়েছেন, যাত্রীদের যাতায়াত সহজ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে এই সংক্রান্ত তালিকা ব্যানারের মাধ্যমে লাগানো শুরু করেছে কর্তৃপক্ষ।
NBSTC সূত্রে জানা গিয়েছে, কোচবিহার শহর থেকে আলিপুরদুয়ারের বাস রাত ১১টা পর্যন্ত চলবে এবং জোড়াইয়ের শেষ বাস ছাড়বে রাত ১০টায়। এছাড়া মাথাভাঙা, দিনহাটা, তুফানগঞ্জ ও ফালাকাটার জন্য রাত ১১টা পর্যন্ত বাস পরিষেবা থাকবে। বক্সিরহাটের জন্য শেষ বাস রাত ১০টায় এবং মেখলিগঞ্জ ও সিতাইয়ের জন্য রাত সাড়ে ৯টায় ছাড়বে।
মেলার নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখতে জেলাশাসক জিতিন যাদব এবং পুলিশ সুপার মণীষ জোশির নেতৃত্বে একটি দল মদনমোহন বাড়ি ও রাসমেলার মাঠ পরিদর্শন করেছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার প্রথমবার সাগরদিঘিতে আরতির ব্যবস্থা থাকছে। পাশাপাশি লেজার শো, অত্যাধুনিক লাইট ও সাউন্ড সিস্টেম এবং আতশবাজির প্রদর্শনী রাখা হয়েছে। শহরটিকে সাজিয়ে তোলার শেষ মুহূর্তের কাজও চলছে।







