জম্মু ও কাশ্মীরে পর পর জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)। নাকা পয়েন্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন জওয়ানদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী, ডিউটির সময় বুলেটপ্রুফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং বুলেটপ্রুফ সুরক্ষিত বাঙ্কার ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি মোতায়েনস্থলে পর্যাপ্ত আলো এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। ডিউটির সময় মোবাইল ফোনের ব্যবহার সীমিত রাখার পাশাপাশি নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রোটোকল কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে। ইউনিট কমান্ড্যান্ট এবং কোম্পানি কমান্ডারদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি জায়গার নিরাপত্তা খতিয়ে দেখতে এবং স্থানীয় জেলা পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখতে। নির্দেশিকা অমান্য করলে তাকে গুরুত্ব সহকারে দেখা হবে বলে সতর্ক করা হয়েছে।
গত ১১ নভেম্বর দক্ষিণ কাশ্মীরের কুলগামে একটি CRPF নাকা পয়েন্টে জঙ্গি হামলায় তিন জওয়ান আহত হয়েছিলেন। মীর বাজারের কাছে আখরান গ্রামে দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ অজ্ঞাতপরিচয় হামলাকারীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। আহত জওয়ানদের অনন্তনাগের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে একজনের পেটে ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে।
এই ঘটনার পর উপত্যকায় নিরাপত্তা বাড়ানো হয় এবং ১৬ নভেম্বর কুলগামে সেনা, CRPF ও জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG)-এর যৌথ অভিযানে লতিফ ভাট নামে এক জঙ্গির মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, আরও এক জঙ্গি ওই এলাকায় ঘেরাও করা রয়েছে এবং তদন্তকারীদের সন্দেহ যে ১১ নভেম্বরের হামলায় এই দুই জঙ্গিরই হাত ছিল।







