স্থলভাগে আছড়ে পড়ার আগেই শক্তি হারাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে এটি এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তবে শক্তি কমলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা এখনও রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট শুরু হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী স্থানে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
কলকাতায় বৃহস্পতিবার সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শুক্রবার ও শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পাশাপাশি ঘন ঘন বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।







