বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান'। এর প্রভাবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দিল্লির মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, ১৯ তারিখ থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব তীব্র হতে পারে। অন্ধ্রপ্রদেশের উপকূল এবং তেলেঙ্গানায় প্রবল বর্ষণের আশঙ্কা করা হয়েছে। বর্তমানে এই ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে প্রায় ৬১০ কিমি পূর্বে এবং গোপালপুর থেকে ৭৯০ কিমি দক্ষিণে অবস্থান করছে। গত ৬ ঘণ্টায় এটি অত্যন্ত ধীরগতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
IMD-র তথ্য অনুযায়ী, ১৮ ও ১৯ নভেম্বর কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে আজ কিছু জেলায় বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।







