প্রেমিকার সঙ্গে আশীর্বাদ পর্ব সম্পন্ন হওয়ার খবর প্রকাশ্যে আসার চব্বিশ ঘণ্টার মধ্যেই দেবাংশু ভট্টাচার্যের বাড়িতে কার্তিক ঠাকুরের প্রতিমা রেখে গেল অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। প্রতিমার সঙ্গে একটি পছন্দের খাবারের মেনুও জুড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে সেই প্রতিমার ছবি নিজেই প্রকাশ করেছেন তিনি।
গত রবিবার সমাজমাধ্যমে নতুন ইনিংস শুরুর কথা জানিয়েছিলেন দেবাংশু। প্রেমিকার সঙ্গে আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে বলে জানিয়েছিলেন তিনি। এই খবর ছড়িয়ে পড়ার পরেই মঙ্গলবার কার্তিকপুজোর দিন ভোরে তাঁর বাড়িতে প্রতিমা রেখে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজ দেখে দেবাংশু জানান, রাত সাড়ে তিনটে নাগাদ হেলমেট পরা দুই ব্যক্তি বাইকে এসে সদর দরজায় প্রতিমাটি রেখে চলে যান।
ঘটনার বিবরণ দিয়ে সমাজমাধ্যমে দেবাংশু লেখেন:
"পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে কেবল! এত উত্তেজিত হবেন না প্লিজ! বিয়ের আগে কে কার্তিক ফেলে যায় বলুন তো? যাই হোক, প্রভু এসেছেন যখন, তাঁকে সপরিবারে সাদরে গ্রহণ করলাম।"
একই দিনে বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচীর বাড়িতেও কার্তিক প্রতিমা রেখে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।







