নিকাশি ব্যবস্থা অকেজো হয়ে জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের বেনাপুর এলাকার শতাধিক পরিবার। সামান্য বৃষ্টিতেই বাড়ির আশপাশে জল জমে যাওয়ায় বছরের অধিকাংশ সময় চরম দুর্ভোগের মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। একাধিক সরকারি দপ্তরে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, PWD-র জমির উপর দিয়ে এলাকার নিকাশি জল বেরিয়ে যেত। সম্প্রতি সেই জায়গায় মাটি ফেলে জল বেরনোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দা কুদ্দুস মল্লিক, জামাল উদ্দিন এবং রেহেনা বেগম জানান, জল জমে থাকায় তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং যাতায়াতেও সমস্যা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা সম্প্রতি একটি নির্মাণ কাজে বাধা দেন, যার ফলে ওই কাজ আপাতত বন্ধ হয়ে গিয়েছে।
অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছেন মালিক আবু তালেব। তাঁর দাবি, যে জমিটি দিয়ে জল বেরিয়ে যেত সেটি তাঁর ব্যক্তিগত সম্পত্তি। দীর্ঘদিন ধরে ওই জমির উপর দিয়ে জল যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এখন নিজের জমিতে নির্মাণ করতে গিয়ে তিনি বাধার মুখে পড়ছেন।







